স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দেশজুড়ে ধারাবাহিক ভূমিকম্প এবং বড় ধরনের কম্পনের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) তাদের গাজীপুর ক্যাম্পাসের বহু বছরের পুরোনো ভবনগুলো নিয়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা নিশ্চিতকরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম, কারিগরি কমিটির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপাচার্য-সহ কমিটির সদস্যরা পুরাতন ডরমিটরি ভবনসমূহ এবং শিক্ষক–কর্মকর্তাদের আবাসিক ভবন (সি–২) সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, বহুদিন আগে নির্মিত এসব ভবনের বিভিন্ন স্থানে মারাত্মক ফাটল, কাঠামোগত দুর্বলতা এবং অবনতি চিহ্নিত হয়েছে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিরূপণের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী—ঝুঁকিপূর্ণ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের আজকের মধ্যেই ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।