July 9, 2026, 1:55 pm

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে: মেয়র তাপস

Reporter Name
  • আপডেট Thursday, January 4, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার ডিএসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত ২৫টি ডাম্প ট্রাকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুপুরে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিএসিসি মেয়র বলেন, এক সময় ঢাকা শহরে বর্জ্য উপচে পড়ে থাকত। রাস্তা, নর্দমা, হাঁটার পথে প্রায় শতভাগ বর্জ্য পড়ে থাকত। এ খাতে একটি অব্যবস্থাপনা ছিল। আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছি। এখন প্রায় ৮০ শতাংশ বর্জ্য আমরা নিয়মিতভাবে সংগ্রহ করে মাতুয়াইল ভাগাড়ে নিয়ে যেতে পারছি। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাত থেকে ভোর পর্যন্ত আমাদের ব্যাপক যন্ত্রপাতি ও যানবাহন প্রয়োজন হয়। সকাল বেলা নগরবাসী তাদের গন্তব্যে যাওয়ার জন্য যখন বের হয় তখন তারা যেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর পায়, সেজন্য নিয়মিত আমরা এ কাজ পরিচালনা করে থাকি।
তিনি বলেন, আগে যান-যন্ত্রপাতির অভাবে বিভিন্ন জায়গা হতে এসব বর্জ্য নিয়মিত সংগ্রহ করতে পারতাম না। সেই পরিপ্রেক্ষিতে আমরা এসব যানবাহন সংগ্রহ করেছি। বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরের জন্য কর্পোরেশনের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ২৫টি ডাম্প ট্রাক ক্রয় করা হলো। নিজস্ব অর্থায়নেই আমরা ১০ টন সক্ষমতার অত্যাধুনিক এসব ডাম্প ট্রাক ক্রয় করেছি। এতে করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল ও বেগবান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর