দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনেরে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর সমর্থকদের ১৬টি মোটরসাইকেল আগুন ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন ফাইয়াজুল হক। হামলার প্রত্যক্ষদর্শী শিহাবুল ইসলাম ফিরোজ বলেন, ‘উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাত আহমেদ ননী ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে আমাদের দিকে আসে। এরপর তার নেতৃত্বে হামলা শুরু হয়। আমাদের ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত আছে।’
ফাইয়াজুল হক রাজু বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাত আহমেদ ননির নেতৃত্বে ১৬টি মোটরসাইকেলে আগুন দিয়েছে মেনন অনুসারীরা। মোরসাইকেলগুলো আমাদের ইগল প্রতীকের সমর্থকদের ছিল। এ সময় ননী অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করে।’
তিনি দাবি করেন, আমরা আইনগত সহায়তা পাচ্ছি না। বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও দাবি তার। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইগলের সমর্থকরা বাইসারী থেকে প্রচারণা শেষে বানারীপাড়ায় আসছিলেন। পথিমধ্যে ১৬টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। বিষয়টি তদন্ত করে আমরা ব্যবস্থা নিচ্ছি।’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমি শুনেছি কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়টি জানি না। আমার সমর্থকরা আগুন দেওয়ার প্রশ্নই আসে না।’