নিজস্ব প্রতিবেদক :: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুলতানগঞ্জ এলাকায় গণসংযোগ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
গণসংযোগকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়ার মাটি ও মানুষের সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি বগুড়াবাসীর জন্য একটি আনন্দের ও আশাব্যঞ্জক খবর।
তিনি বলেন, বগুড়াবাসী সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করে দেশে রেকর্ড গড়বে। এতে আবারও প্রমাণিত হবে বগুড়া বিএনপির দুর্গ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লিমন, সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর দারা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা ঠান্ডা, ছাত্রদল নেতা সৈয়দ জুবায়েদ হাসান নাহিদ প্রমুখ।