মোঃ আক্তার হোসেন ডালি, বিশেষ প্রতিবেদক:: বগুড়ার দত্তবাড়ীতে পেট্রোল পাম্পে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়—মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে সহকর্মী ক্যাশিয়ার ইকবালকে হত্যা করেন নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ। ঘটনাটি ঘটে দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রতন জানান, তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ভয়াবহ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও মূলধারার অনেক গণমাধ্যম এ বিষয়ে নীরবতা পালন করছে বলে স্থানীয়দের অভিযোগ। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা রতন চন্দ্র দেবনাথকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। নিহত ইকবালের পরিবার দ্রুত বিচার আইনে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমে ঘটনাটি নিয়ে পর্যাপ্ত প্রচার না হওয়ার কারণ নিয়েও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত নাকি তাৎক্ষণিক উত্তেজনা থেকে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।