September 10, 2026, 4:38 pm

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

Reporter Name
  • আপডেট Tuesday, September 8, 2026
  • 25 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: ব্যক্তিগত কারণে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও নিয়মিত মেগা ধারাবাহিকে ফিরছেন তিনি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে আবারও পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিং চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হন সুমাইয়া শিমু। অভিনয়ে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এটা আমার নিজের জায়গা, তাই এই জায়গাটাকে খুব মিস করতাম। আবার কাজ করতে পারছি, এটা ভেবে খুবই ভালো লাগছে।’
নতুন ধারাবাহিকটি নিয়ে সুমাইয়া শিমু আরও বলেন, ‘কাজ কেমন হবে তা এখন বলা মুশকিল, তবে আমরা সবাই আমাদের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করব। তবে মূল বিষয় হলো, আবারও নিজের চেনা আঙিনায় কাজ করতে পেরে আমার বেশ ভালো লাগছে।’
নাটকটিতে তরুণ প্রজন্মের অনেক শিল্পীর সঙ্গে কাজ করছেন শিমু। তাদের প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে যারা নিয়মিত অভিনয় করছেন, তাদের অনেকের সঙ্গেই আগে কাজ করার সুযোগ হয়নি। নতুন প্রজন্মের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে জানিয়ে তিনি বলেন, ‘সেলিম ভাই, জাহিদ ভাই, মিঠু আপার মতো গুণী শিল্পীদের কাছ থেকে যেমন অনেক কিছু শিখেছি, ঠিক তেমনি এখনকার নতুনদের থেকেও শেখার আগ্রহ রয়েছে।’
এর আগে নুহাশ হুমায়ূনের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সুমাইয়া শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, মনমতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়ে ফিরবেন। ‘ফিরে আসার গল্প’ নাটকটি যেন সেই কথারই বাস্তব রূপ।
উল্লেখ্য, ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো অসংখ্য তুমুল জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুমাইয়া শিমু। এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সদ্য সমাপ্ত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর বিপুল সাফল্যের পর নতুন এই নাটকটি ঘিরেও এখন দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর