July 6, 2026, 6:41 am

প্রবাসীদের কাছে ৭.২৮ লাখ পোস্টাল ব্যালট পাঠাল ইসি

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক::
  • আপডেট Thursday, January 8, 2026
  • 141 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, অবশিষ্ট নিবন্ধিত প্রবাসীদের কাছেও দ্রুত সময়ের মধ্যে ব্যালট পাঠানো হবে। তিনি বলেন, ব্যালটের গোপনীয়তা রক্ষা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব এবং গোপনীয়তা লঙ্ঘিত হলে এনআইডি ব্লক করা হতে পারে।
ইসি সূত্র জানায়, সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে নিবন্ধিত ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।
এদিকে বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর