July 9, 2026, 6:20 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত উপদেষ্টা কে কোন দায়িত্বে

Reporter Name
  • আপডেট Monday, January 22, 2024
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: নতুন সরকার গঠনের পর নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন করে রোববার (২১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করলেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী-ড. মসিউর রহমানকে অর্থনৈতিক বিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা বিষয়ক, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। গত ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এদিকে সজীব ওয়াজেদ জয়কে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর