স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মহানগরীর পূবাইল মাঝুখান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনীল রবি দাস রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় লাইন দিয়ে ট্রেন আসতে দেখে তিনি প্রথমে পাশে নেমে যান। তবে ট্রেনটি কাছাকাছি পৌঁছানো মাত্রই তার হাতে থাকা একটি চিরকুট ফেলে দিয়ে আচমকা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই চিরকুটে লেখা ছিল ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’। নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি ঢাকার হাজারীবাগে বলে সাথে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।