নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন দপ্তরে অতিরিক্ত আরো ২ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই থাকবে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় দুর্গামন্দিরসহ অন্যান্য মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনে এসে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এসব কথা জানান।
অধিনায়ক মেহেদী হাসান সাংবাদিকদের জানান, সীমান্তের ৮ কিলোমিটার বিওপির মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন দপ্তরে অতিরিক্ত আরো ২ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই থাকবে।
তিনি আরো জানান, পূজাকে ঘিরে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতাসহ যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এ সময় তিনি নির্বিঘে পূজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দত্ত জানান, পূজা উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সার্বিক সহযোগিতা করছেন। এ বছর হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বির্ঘ্নে উদযাপন করতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরায় আনা হচ্ছে।