স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং ছাড়পত্র প্রদানে অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে বিশ্বব্যাংক আয়োজিত ‘Strengthening Environmental Regulatory and Enforcement Capacity for a Sustainable Bangladesh শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়; এতে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। তিনি ডাইং কারখানা, সিমেন্ট কারখানা ও ইটভাটা মতো প্রধান দূষণ উৎসগুলোকে অগ্রাধিকার দিয়ে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সবচেয়ে দূষণকারী শিল্পগুলোকে চিহ্নিত করে বাজেট ও পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দূষণকারীদের নাম প্রকাশ্যে আনলে জনগণ রাজনৈতিক চাপ মোকাবিলায়ও সহায়ক হবে। সংবেদনশীল এলাকায় বর্জ্য ফেলার কেন্দ্র স্থাপনে ছাড়পত্র দেওয়াকে তিনি অবৈধ বলে উল্লেখ করে বলেন, রাজনৈতিক চাপ থাকলেও আপত্তি জানাতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে বদলি হোন, কিন্তু পরিবেশের সঙ্গে আপস করবেন না।
উপদেষ্টা সকল লাল ক্যাটাগরির শিল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ঊওঅ) প্রতিবেদন অনলাইনে প্রকাশ এবং জনগণের মতামত গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ নিষ্পত্তি ডিজিটালাইজেশন, অভিযোগ ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপ চালু এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দূষণকারী একটি সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, দূষণকারীদের পুরস্কৃত নয়, শাস্তি দেওয়া উচিত।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসম, সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, বেস্ট প্রকল্পের পরিচালক একেএম রফিকুল ইসলাম এবং বিশ্বব্যাংক বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত বক্তব্য দেন। পরে উপদেষ্টা তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।