আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে তরুণদের মধ্যে পরিচিত ‘নায়ক’ সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি এর বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, বিক্ষোভকারীরা সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ভাষ্য, মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বিশেষ করে গুরুংয়ের দল ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরুদ্ধে ছিল। বালুওয়াতারে জড়ো হওয়া তরুণরা সরকারের এই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘জনমতের বিরোধী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা দাবি করেছেন, সরকারকে জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রধানমন্ত্রী সুশীলা কার্কি অবিলম্বে পদত্যাগ করবেন। এই বিক্ষোভ নেপালের রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের এই শক্তিশালী প্রতিবাদ দেশটির রাজনৈতিক দিকনির্দেশনা ও নীতি প্রণয়নে প্রভাব ফেলতে পারে।