September 24, 2026, 4:13 pm

নদী রকস সিজন ২ কনসার্টে গাইবে চিরকুট, এফ মাইনর ও বাংলা ফাইভ

Reporter Name
  • আপডেট Thursday, September 24, 2026
  • 16 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে আবার আয়োজন করা হয়েছে নদী রকস কনসার্ট।
বাংলাদেশের নদী, নদীকেন্দ্রিক বাস্তবতা এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার পথ নিয়ে দুই দিনব্যাপী ‘কল্লোলিনী: আ রিভার ডায়লগ ২০২৬’ শীর্ষক সম্মেলনের সমাপনী দিনে আজ ঢাকার আলোকিতে অনুষ্ঠিত হবে নদী রকস সিজন ২ কনসার্ট। পারফর্ম করবে ব্যান্ড চিরকুট, এফ মাইনর ও বাংলা ফাইভ।
নদী রকস সিজন ২ কনসার্টের খবর জানিয়ে এফ মাইনর ও বাংলা ফাইভ ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমরা নদীর সন্তান। নদী আমাদের জীবন, আমাদের প্রাণ-প্রকৃতি, আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। নদীকে ঘিরেই গড়ে উঠেছে আমাদের জনপদ, সংস্কৃতি ও জীবনের গল্প। নদীর প্রতি তাই আমাদের দায়বদ্ধতা অনেক। ২০২২ সালে আমরা শুরু করেছিলাম নদী রকস ক্যাম্পেইন। নদী, প্রকৃতি ও সংগীতকে একসঙ্গে নিয়ে নদীর প্রতি ভালোবাসা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ বছর আমরা আসছি নদী রকস সিজন ২ নিয়ে।’
এ প্রসঙ্গে চিরকুটের সুমী বলেন, ‘বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের আয়োজনে আবার ফিরছে নদী রকস কনসার্ট। নদীর সন্তানেরা কথায়, গানে, সুচিন্তায়, সচেতনতায় আবার ফিরছে নদীর কাছে, জাদুর শহরে।’
এই কনসার্ট দিয়ে দীর্ঘদিন পর স্টেজে ফিরছে বাংলা ফাইভ। ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক, দুই গিটারিস্ট রাফিন ও অনিকের অসুস্থতার কারণে বিরতিতে ছিল দলটি। ফেসবুকে বাংলা ফাইভ জানায়, ‘ড্রামার রুশদী ভাইয়ের হার্ট এখন প্রায় ৫০ ভাগ অ্যাকটিভ আছে। আগামীকাল উনি আবারও স্টেজে উঠবেন বাংলা ফাইভের সাথে। চাঁদরাতে বাইক অ্যাক্সিডেন্টে চার মাস শয্যায় থাকার পর বেজিস্ট রাফিন ব্যান্ডে ফিরেছে। গিটারিস্ট অনিক পা ভেঙে এক মাস বিশ্রামে ছিল। সবাইকে নিয়ে অনেক দিন পর আবার মঞ্চে উঠছে বাংলা ফাইভ। তবে আপাতত আমাদের হেভি মেটাল গানগুলো করব না। কিছু সফট ও ব্লুজি গান করব।’ নদী রকস সিজন ২ কনসার্টটি শুধু অনলাইনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর