June 16, 2026, 12:29 am

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, June 15, 2026
  • 5 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০), মো. মহিউদ্দিন (৩৬) ও মো. জামালকে ঢাকায় এবং নুর হোসাইন সোহাগকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল আলিম বাবু, সজিব মিয়া, ময়নুদ্দিন ও মহিউদ্দিনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা অপহৃত ভুক্তভোগী আজিবুর রহমান (৫০) ও অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, গত শনিবার (১৩ জুন) রিপন চৌধুরী নামে একজন ভুক্তভোগী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা দায়ের করেন। পরবর্তীতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় পরদিন রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নুর হোসাইন সোহাগকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার এবং মোবাইল, ল্যাপটপসহ আরও আনুমানিক মূল্য ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
অন্যদিকে, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. জামালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর