May 15, 2026, 11:01 am

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Friday, May 15, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা ঢাকা শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল। আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রাত ১১ টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর