মো: আক্তার হোসেন, ডালি:, বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে দেশের ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামাতপন্থী। তিনি দাবি করেন, এদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের বসিয়েছে, তাদের অনেকেই জামাতের অনুসারী। ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রকাশ্যে কিংবা গোপনে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে ছাত্র সংসদ নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হয়নি, বরং একপেশে তৎপরতা পরিচালিত হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত নানা সিদ্ধান্তে পক্ষপাতিত্বের প্রমাণ মেলে। “ছাত্রদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দিয়ে প্রশাসন প্রভাব খাটিয়েছে। এভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে,” বলেন রিজভী। বিএনপির এ নেতা দাবি করেন, ছাত্রসমাজ আজ হতাশ ও ক্ষুব্ধ। তিনি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।