শারমিন খানম:: টঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অফিস নিয়ে একটি কুচক্রিমহল ষড়যন্ত্র মূলক অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এরশাদ নগর বড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন এই অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, ২০০৫ সালে টঙ্গীর তৎকালীন ১২নং ওয়ার্ডে (বর্তমান ৪৯নং) স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সেচ্ছাসেবক দলের একটি অফিস স্থাপন করা হয়। অফিসটি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হতো। কিন্তু অফিসটি চালু হওয়ার কিছুদিন পরই স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রশিদ ওই অফিসটি জোরপূর্বক দখল করে নেন। ২০১২ সালে তিনি অফিসটি ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। এরপর রশিদ ডেকোরেটর মারা যান। এরপর তার ছেলে ও ভাতিজারা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হুমকি ও মামলা দিয়ে হয়রানি করে।
আলাউদ্দিন আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন দখলের পর গত ২০২৪ সালের ৫ আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর স্থানীয় বিএনপির ওই অফিসটি খুলে দেয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু লিখিত অভিযোগ দেয়ার পরও এখন পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন এখনও কোন পদক্ষেপ নেয়নি। এর ফলে ন্যায়বিচার না পেয়ে শেষ পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে নিজেদের কার্যালয় দখলমুক্ত করেন।
তিনি আরো বলেন, “এই কার্যালয় কেবল একটি অফিস নয়, এটি আমাদের ত্যাগ, সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসের প্রতীক। দখলমুক্ত করতে পেরে আমরা আনন্দিত হলেও যেসব ব্যক্তি অবৈধভাবে জায়গাটি দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় এ ধরনের দখলদারিত্ব ভবিষ্যতেও পুনরাবৃত্তি ঘটতে পারে। টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অফিসটি দখলমুক্ত করে নতুন করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। তারা বলেন, টঙ্গীর রাজনৈতিক অঙ্গনে সেচ্ছাসেবক দলের এই কার্যালয় পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ। কার্যালয়টি পুনরায় সাংগঠনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।