শারমিন খানম:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আজ বুধবার বিকেলে টঙ্গী আউচ পাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেইট গিয়ে শেষ হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক বশির উদ্দিন।
তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৫টি বছর আমাদের অনেক জুলুম নির্যাতন মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাজপথে থাকব।’এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা শেষ হওয়ায় এবং এতে অংশগ্রহণ করার জন্য প্রভাষক বশির উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।