স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—টঙ্গীর পাগাড় এলাকার মৃত আলম খানের ছেলে নুর ইসলাম বাবু ওরফে খান বাবু (৩৮), একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২৩), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) এবং রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।
পুলিশ জানায়, মাদক নিয়ে বিরোধের জের ধরে গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে নুরুল ইসলাম নামে এক যুবককে তুলে নিয়ে যায় তার প্রতিপক্ষ। পরে টঙ্গী নদীবন্দরসংলগ্ন ইটখোলা এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে তার সহযোগীরা সিএনজি অটোরিকশাযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলামের মৃত্যু হয়। এরপর তার সহযোগীরা লাশটি বাসায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর নিহতের বোন নুরজাহান আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি খান বাবুসহ চারজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনসহ মোট চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।