শারমিন খানম :: গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও র্যাব-১ এর যৌথ টিম। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ ও র্যাব-১ এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযান চলাকালে মাদকদ্রব্য ব্যবহারের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আটজনকে আটক করে পুলিশ ও র্যাব সদস্যরা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান শেষে স্থানীয় বাসিন্দারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকাবাসী অনেকটা স্বস্তি পাবে। তারা আশা প্রকাশ করেন, যৌথ বাহিনীর এই কার্যক্রমের মাধ্যমে টঙ্গীকে মাদকমুক্ত করা সম্ভব হবে।