স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান গাড়ি চালকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ ডিসেম্বর-২০২৫ইং তারিখে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় কালু (৪২) কে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই অপু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সকাল ৮ঘটিকার সময় কালু ভ্যাগ গাড়ি চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর সকাল ১১ঘটিকার সময় ডেকরেটরের মালামাল আনার জন্য তুরাগ নদীরপাড় জোড়া খাম্বা এলাকায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা রহিমা (৫২), নূরে আলম (৩৮), নাছিমা (৪৫), দিপু (২২), মেরাজ (১৯), দিপা (৪০), দুলাল (২০), আসমা (৪০), শাহিন (১৯) ও জাহিদুল (২১) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কালুর উপর হামলা চালায়। এতে কালু গুরুতর আহত হয়। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর হামলাকারীরা ভুক্তভোগী কালুসহ তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য ভুক্তভোগী কালুর ভাই অপু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালুর ভাই অপু জানান, পূর্ব পরিকল্পিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাই কালুর উপর হামলা করেছে। হামলাকারীরা এলাকায় নিরীহ মানুষদের বিভিন্নভাবে নির্যাতন, হামলা, মামলা ও মাধর করে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউ কোন প্রতিবাদ করতে পারছে না। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনাতে পুলিশ প্রশানের কাছে জোর দাবি জানাচ্ছি।
অপরদিকে স্থানীয়রা জানান, বিএনপির পরিচয় দিয়ে নূরে আলম কিশোরগ্যাং সদস্যদের নিয়ে এলাকার নিরীহ মানুষদের উপর হামলা, নির্যাতন, জায়গাজমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। নূরে আলম বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে এইসব কর্মকান্ড চালাচ্ছেন। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ বিষয়ে নূরে আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।