July 9, 2026, 10:10 am

টঙ্গীতে ট্রাক প্রতীকের প্রচারণায় গাড়ি ভাঙচুরের অভিযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, January 3, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর এরশাদ নগরে প্রচারণার সময় ইটপাটকেল নিক্ষেপ করে ট্রাক প্রতীকের চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ট্রাক প্রতীকের সমন্বয়কারী কাজীম উদ্দিন কাজী এই অভিযোগ করেন।
কাজীম উদ্দিন কাজী জানান, সোমবার রাতে টঙ্গীর শেষ পথসভা হয় এরশাদ নগরে। সভা শেষে ফেরার পথে নৌকা প্রতীকের সমর্থক জনৈক ইমান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আমাদের গাড়ি বহরে হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এতে আমার গাড়িসহ বহরে থাকা চারটি গাড়ির গ্লাস ভেঙে যায়। একটি ইট ট্রাক প্রতীকের প্রধান সমন্বয়কারী গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতেও লাগে। এর আগে তিস্তার গেট এলাকায় ছাত্রলীগের একটি গ্রুপ আমাদের ওপর হামলার চেষ্টা করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গীতে নৌকার ২২ কর্মীর নামে মামলা : গত ৩১ ডিসেম্বর বিকেলে পোস্টার ছেঁড়া নিয়ে টঙ্গীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ৭ জনকে শনাক্ত ও ১৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে ২২ জন নৌকা সমর্থকের নামে একটি নিয়মিত মামলা হয়েছে।
গত সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়। ট্রাক প্রতীকের আহত কর্মী লাল চান মিয়ার স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন- মো. পলাশ (২০), মো. শরিফ (৪৮), ইসতি (৩২), মো. রাসেল (৪২), শ্যামল (২৮), মো. জুয়েল (৪২), হাসু (৪২)। সর্ব সাং-সান্দারপাড়া ৫৭ নং ওয়ার্ড, থানা. টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর।
টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের তুরাগ নদীর পাড়ে সান্দার পাড়া নামক স্থানে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়। গত রবিবার বিকাল ৪টার দিকে তুরাগ নদীর পাড়ে ভরান মাজার বস্তির সান্দার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মামলা হয়েছে। আাসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর