শেখ কামরুল হাসান সাহা:: টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৫ নং ওয়ার্ড ঈদ পূর্ণমিলনী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি সভা গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর মেইল গেইট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। ঈদ পরবর্তী সৌহার্দ্য বিনিময়, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। সভাকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৫ নং ওয়ার্ড উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং ৫৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আমির মোঃ মুক্তার হুসাইন মুন্সির পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক এবং গাজীপুর সিটি করপোরেশন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডক্টর মোঃ হাফিজুর রহমান। এছাড়াও ৫৫ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল মান্নান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুর নবী পারভেজ, মোঃ নুর ইসলাম সুমন, মোঃ আশিকুর রহমান, মাওলানা মুরশিদ আলম, আবু সাইদ মোড়ল, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী আমির মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামী আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, শাহাদাত হোসেন রাব্বি ও জহিরুল আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গঠনের মাধ্যমে উন্নত নগর গড়ে তোলা সম্ভব। দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা পেলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডক্টর মোঃ হাফিজুর রহমান এবং ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলামকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভা শেষে ঈদ পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।