শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীর বহু আলোচিত ফিল্ম স্টাইলে চাঁদাবাজির ঘটনার মূলহোতা কলা ইমরান পুলিশ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৫ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন,খুবই ধূর্ত প্রকৃতির লোক কলা ইমরান। জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয় সে। একপর্যায়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দেয় ইমরান। পরে তার দেখানো মতে বিসিক এলাকার ন্যাশনাল টিউব কারখানার পাশে বট গাছের নিচ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত সুইচ গিয়ার ছুরিটা উদ্ধার করা হয়।’
এর আগে টঙ্গীর দত্তপাড়া এলাকায় সুইচ গিয়ার ঠেকিয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায় করে কলা ইমরান বাহিনী। এই ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই ব্যবসায়ীর দায়ের করা মামলার ভিত্তিতে নরসিংদী থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,‘জিজ্ঞাসাবাদে কলা ইমরান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’