স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম তারামনি (১৪)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। টঙ্গীর মরকুন কবরস্থান এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে ওই কিশোরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।