নিজস্ব প্রতিবেদক :: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২৬) ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে হালুয়াঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হয়।
ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি সম্বলিত জার্সি পরিধান করে হালুয়াঘাটের প্রায় চার শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী ম্যারাথনে অংশ নেন।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয়। নীরব ও শৃঙ্খলাপূর্ণ এই ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা হালুয়াঘাটের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তার দুই পাশে জনসাধারণ ব্যতিক্রমধর্মী এই নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানান ।
ম্যারাথন শুরুর পূর্বে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, “তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “আজকের এই ম্যারাথন শুধু একটি দৌড় নয়, এটি একটি বার্তা—সহিংসতা নয়, শালীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়েই সমাজকে আলোকিত করা সম্ভব।