শারমিন খানম:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ (গাছা, পূর্বাইল ও টঙ্গী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থী এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। এই নবগঠিত গাজীপুর-৬ আসনে যুব সমাজের আইকন তরুণ প্রার্থী মো: আরিফ হোসেন হাওলাদার দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরিফ হোসেন হাওলাদার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এবং একজন পরীক্ষিত নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত।
দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে আরিফ হোসেন হাওলাদার বলেন, সারাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। অন্তবর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে আমি রাজপথে আছি।
তিনি বলেন, গত ৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি।
তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেছি। এতে তৃর্ণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে নির্বাচনী আমেজ দেখতে পেয়েছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়কতারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো এবং গণতন্ত্র ফিরিয়ে আনার কর্মসূচি তুলে ধরছি।
নতুন ভোটারদের প্রসঙ্গে আরিফ হোসেন হাওলাদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ভোট দিতে চায়,পরিবর্তন চায়। তরুণ ভোটাররা যেন ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারে, এই স্বাধীনতার জন্যই তারেক রহমান সংগ্রাম করে যাচ্ছেন।
দলের প্রতি নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে আরিফ হোসেন হাওলাদার বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন তৃণমূল কর্মী। আমি ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায়ও সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার অভিজ্ঞতা, নীতিশিক্ষা ও জনগণের ভালোবাসা নিয়েই আমি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি। আমার নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে গাজীপুর-৬ আসনের জণগণকে সাথে নিয়েই আমি এগিয়ে যাবো। বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। এখানে অনেক প্রার্থী মনোনয় চাইতে পারে। দল যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো। আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দিবেন।