স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ফুলগাছের চারা ও নিমগাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এ সময় সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।