May 15, 2026, 2:14 am

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার নান্দনিক জলাভূমি ‘বেলাই বিল’ পর্যটকের ভিড় দিন দিন বাড়ছে

Reporter Name
  • আপডেট Tuesday, July 1, 2025
  • 184 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: বর্ষা এলেই প্রাণ ফিরে পায় গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার নান্দনিক জলাভূমি ‘বেলাই বিল’। ঢাকার নিকটবর্তী হওয়া এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে এখানে পর্যটকের ভিড় দিন দিন বাড়ছে। চোখ জুড়ানো প্রকৃতি, রঙিন নৌকা, দেশীয় খাবার আর সুলভ বিনোদনের ব্যবস্থায় বেলাই বিল এখন হয়ে উঠেছে অনেকের পছন্দের ‘ডে আউটিং’ স্পট।
ছুটির দিনে কিংবা সপ্তাহান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রঙিন ছাউনির নৌকাগুলো ঘুরে বেড়ায় বিলজুড়ে। এসব নৌকায় বসেই হালকা খাবার খাওয়া যায়, সঙ্গে গান-বাজনার আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগও মেলে। স্থানীয় উদ্যোক্তা শাহেদ সরকার রাকিব ‘মাটির কুটির’ নামে একটি পর্যটন প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
তিনি বলেন, “আমরা শুধু আনন্দ নয়, নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। এজন্য লাইফ জ্যাকেট, পরিচ্ছন্নতা এবং নৌকার মান বজায় রাখায় গুরুত্ব দেওয়া হচ্ছে।” পর্যটকদের সুবিধার্থে বিলের পাড়ে তৈরি হয়েছে অস্থায়ী ঘাট, রাখা হয়েছে গাইড ও সহকারী কর্মী। অনেকেই পরিবার-পরিজন নিয়ে পিকনিকের মতো আয়োজন করতেও এখানে আসছেন।
ঢাকা থেকে বেড়াতে আসা এক পর্যটক জানান, “এত কাছে এমন একটা জায়গা আছে আগে জানতাম না। একেবারে ভিন্ন অভিজ্ঞতা—নৌকায় বসে প্রকৃতি দেখা, হাওয়া খাওয়া আর দেশীয় খাবার খাওয়ার মজাই আলাদা।”
বেলাই বিলের আশেপাশে গড়ে উঠেছে দেশীয় খাবারের ছোট ছোট কুটির ঘর ও প্যান্ডেল। পুঁটি, শিং, কৈ, টেংরা, রুই-কাতলা সহ নানা দেশীয় মাছ, পিঠা-পায়েস ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
স্থানীয়দের দাবি, সরকার ও প্রশাসনের পরিকল্পিত সহায়তা পেলে বেলাই বিল হতে পারে গাজীপুরের অন্যতম টেকসই পর্যটন কেন্দ্র। এতে যেমন পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।এখন সময় এই সম্ভাবনাকে কাজে লাগানোর—পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে বেলাই বিলকে জাতীয় পর্যটন মানচিত্রে স্থান দেওয়া প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর