স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে অংশগ্রহণ করেছিলেন ৩৮জন প্রার্থী। তাদের মধ্যে ২৮জনই জামানত হারিয়েছেন। তারা হচ্ছেন-যুবলীগ নেতা মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী আইন অনুযায়ী, যদি কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ভাগের এক ভাগের কম অর্থাৎ এক অষ্টমাংশের কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৮জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারটি আসনে নৌকার মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্র পাঁচ জন প্রার্থী তাদের জামানত ফেরত পেয়েছেন বাকি ২৮ জনপ্রার্থী নিজ নিজ সংসদীয় আসনে মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেয়েছেন। এ কারণে নির্বাচনী আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।