July 9, 2026, 11:00 am

গাজীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, November 5, 2024
  • 87 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনায় স্বামী আজিজ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন কাঁঠাল ইউপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আজিজ মিয়া ত্রিশাল থানার রাজবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আসগ্রাম এলাকার মো. ওহাব বিশ্বাসের ছেলে। আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রী ঠিকাদার। তার স্ত্রী তসলিমা আক্তার (৩০) পোশাক শ্রমিক। তারা গাজীপুরের শ্রীপুর থানার চন্নাপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
সোমবার সকালে আজিজ মিয়া ধারালো বটি দিয়ে আশরাফুল ও তসলিমাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই পরকীয়া প্রেমিক আশরাফুল মারা যান এবং স্ত্রী তসলিমা গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় আজিজ মিয়া ও মো. হারুন অর রশিদ নামে আরেকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম জানান, আট বছর আগে আজিজ ও তসলিমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় বসবাস শুরু করেন। আশরাফুলের কর্মস্থল এস. এস ফ্যাশন নামক গার্মেন্টসে চাকরি করতেন তসলিমা। এর সুবাদে পরিচয় এবং একপর্যায়ে তারা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।
সোমবার আজিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। তখন তার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ভুলে নিজ বাড়িতে রেখে আসেন। ওই সরঞ্জাম নিতে বাড়িতে এসে স্ত্রী তসলিমা ও আশরাফুলের ফোনে কথোপকথন শোনেন। তাদের ফোনালাপ শুনে আজিজ মিয়া বাসার পাশে নবনির্মিত বাথরুমে লুকিয়ে থাকেন। এরপর আশরাফুল এলে আজিজ মিয়া রাগান্বিত হয়ে ধারালো বটি দিয়ে তাদের কুপিয়ে জখম করেন। তখন ঘরের বাইরে থেকে তালা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। এ সময় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান এবং তসলিমা গুরুতর আহত হন। সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম আরও জানান, গ্রেফতার আজিজ মিয়াকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর