স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তাগামী অনাবিল পরিবহণের একটি বাস রাস্তার বাম পাশে দাঁড়িয়েছিল। এ সময় একইদিক থেকে আসা টাঙ্গাইল মধুপুরগামী বিনিময় পরিবহণের একটি বাস ব্যাটারিচালিত ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী বাম লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর লাইন দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।