June 21, 2026, 1:26 am

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, June 20, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে ১৬টি দলের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শক্তিশালী ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম কার্যকর হাতিয়ার। তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তিনি বলেন, ক্রীড়াচর্চার প্রসার ঘটলে তরুণ সমাজ মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। তারা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুর রউফ বাবুল, বিএনপি নেতা এ কে এম মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুর রহিম কালা, হাসান আজমল ভূঁইয়া, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হাসিবুর রহমান মুন্না, শাহাদাত হোসেন শাহীনসহ জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী ম্যাচে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে দেশের সেরা ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি গাজীপুরে ফুটবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর