স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশকে আটক করতে সক্ষম হই।
তিনি আরও জানান, আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। বর্ডার এলাকা পার হয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে ব্যবহারের জন্য ভাড়া দিত। ভাঙারি ব্যবসার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করতো। আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ ভাঙারি দোকানের এক পাশে থাকা ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। বর্তমানে ওই মামলায় সে জামিনে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।