স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ| পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কোর্ট হাজাতে পাঠানো হয়| শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মনিপুর বেলতলা ও দরগারচালা গ্রামের তিতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ নগদ টাকা জব্দ করা হয়|
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে দরগারচালা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়| এ সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| এছাড়া মাদক বিক্রির দুই হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়| একই রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়| তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| পরে রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে নুরুল ইসলাম, মাহিম হোসেন, ইমন হোসেন ও মরিয়ম বেগমকে আটক করে পুলিশ| এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়| এছাড়া মরিয়ম বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়|
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে মোট ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা এবং নগদ ২১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে| আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে| ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি|