স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে ৮৩ লক্ষাধিক নতুন বই বিতরণ হয়েছে। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে ৩২ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখের বেশী বই বিতরণ করা হয়েছে। জেলার সকল সরকারী-বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কিন্ডারগার্টেনসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুর জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ওই বই উৎসব উদ্বোধন করেন।
এসময় গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহানগরীর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় কিন্ডারগার্টেন, সরকারী—বেসরকারী ও শিশু কল্যাণ বিদ্যালয়সহ মোট ২ হাজার ৯৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ লাখ বই বিতরণ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, এবার মাধ্যমিক পর্যায়ে জেলার ৫শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ৬৭ লাখ ১৮ হাজার ৪২৮টি বই। কিন্তু পাওয়া গেছে ৫১ লাখ ৩৮ হাজার ৮৫৯টি বই। প্রাপ্ত সকল বই সোমবার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে পাওয়ার বাকী রয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৫৬৯টি বই। এগুলো পরে আসলে বিতরণ করা হবে।