July 9, 2026, 12:16 pm

গাজীপুরে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় চার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Friday, November 8, 2024
  • 77 জন দেখেছে

গাজীপুর মহানগরের পূবাইলে পোশাক শ্রমিক রাজিব আকন (৩২) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।
নিহত পোশাক শ্রমিক রাজিব আকন বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মধ্যবরিশাল এলাকার আবুল কালাম আকনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের পূবাইল থানার হারবাইদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং হাড়ি বাড়ির টেক এলাকায় এ অ্যান্ড ট্রাউজার্স গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার হিমালিয়া এলাকার চাঁন মিয়া (২৭), শেরপুরের নালিতাবাড়ী থানার সিধুলী চৌরাস্তা এলাকার আমির হামজা (২৩), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাওগাঁও এলাকার গোলাম মোস্তফা (২৯) ও জিএমপি পূবাইল থানার চামুড্ডা এলাকার মোক্তার হোসেন (৩২)। চাঁন মিয়া ও আমির হামজা মহানগরের পাগাড় এলাকায় এবং গোলাম মোস্তফা মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, গত ৩ নভেম্বর সকালে ইজিবাইকযোগে কারখানায় যাচ্ছিলেন রাজিব আকন। পথে বসুগাঁও এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল যোগে আসা ৫/৬ যুবক ইজিবাইকের গতিরোধ করে রাজিব আকনকে গাড়ি থেকে নামান।
এ সময় তারা রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। পরে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর মারা যান রাজিব।
এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে মামলা করেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে চাঁন মিয়া, আমির হামজা ও গোলাম মোস্তফাকে মহানগরের মরকুন এলাকা থেকে এবং মোক্তার হোসেন মীরেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত এবং রাজিব আকনকে দেশীয় ধারালো চাকু, ছুরি, দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে বলে মর্মে স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর