মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, এ কে এম ফজলুল হক মিলন। এবারের কর্মসূচির প্রতিপাদ্য-‘ক্রীড় হলে পেশা, পরিবার পাবে ভরসা’-কে সামনে রেখে শিশু-কিশোরদের অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই উদ্যোগ দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা তুলে এনে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী দিনে মোট ৮টি ভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।