স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গোডাউনে বিকেলে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, বেশ কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। আগুনে কোন আহত ও নিহের ঘটনা ঘটেনি।