মুর্শিকুল আলম, গাজীপুর :: দরজায় কড়া নাড়ছে ঈদ। দিন যত ঘনিয়ে আসছে বেচাকেনাও বাড়ছে। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় অল্প দামে পছন্দের পোশাক, গয়না, জুতা, স্যান্ডেলসহ পছন্দের পণ্য কিনতে দোকানগুলোতে ভিড় করছে। এছাড়াও রাস্তার পাশে ফুটপাত ও খোলা জায়গায় অস্থায়ী দোকানগুলোতে ভিড় দেখা গেছে।
মহানগরীর টঙ্গী বাজার, বউ বাজার, জামাই বাজার, পাগাড় ফকির মার্কেট, ঝিনু মার্কেট, নতুন বাজার, স্টেশন রোড, চেরাগআলী মার্কেট, কলেজ রোড, সাহাজ উদ্দিন মার্কেট, গাজীপুরা, চৌরাস্তা, সাতাইশ, মুদাফা ফকির মার্কেট, বড় দেওড়া, মিলগেইটসহ বিভিন্ন বাজার ও দোকানগুলোতে গিয়ে দেখা যায়, নিম্ন আয়ের মানুষ রাস্তার পাশে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে তাদের পছন্দের জামা-কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও এইসব দোকানগুলোতে কেনাকাটা করছেন। কম বাজেটের মধ্যে ক্রেতাদের পছন্দ হয় এমন বাহারি নকশা ও রঙের সব পোশাকের সংগ্রহ রয়েছে ফুটপাতের দোকানেও। তাই ক্রেতাদের কোনো না কোনো জিনিস পছন্দ হচ্ছে আর কিনেও নিচ্ছেন। মেয়েদের পোশাক, শিশুদের পোশাক, প্রসাধনী, পুরুষদের পোশাক যেমন- জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ট্রাউজার, জুতা, বেল্ট, ক্যাপ, লুঙ্গি, মানিব্যাগসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বিক্রেতারা। সেখানকার বেশিরভাগ গ্রাহকরা বলেছেন, তারা ফুটপাতের স্টলে কেনাকাটা করছেন। কারণ শপিংমলে জিনিসপত্রের দাম অনেক বেশি।
তোতা মিয়া নামে এক ক্রেতা জানান, তিনি ফুটপাতের দোকান থেকে কিছু প্রসাধনী ও জুতা কিনছেন। ঈদ উপলক্ষে প্রতিটা জিনিসের দাম একটু বেশি। তারপরও মার্কেটের তুলনায় এখানে জিনিসের দাম অনেক কম। অস্থায়ী দোকানগুলোতে কেউ চৌকি পেতে, কেউ কাঠের টেবিল বা ভ্যানের ওপর, কেউ হ্যাঙ্গারে ঝুলিয়ে, আবার কেউ চাদর বিছিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাকের সঙ্গে প্রসাধনী সামগ্রী সাজিয়ে রেখেছেন।
ব্যবসায়ী মো: সেলিম মিয়া বলেন, কিছুদিন আগে বেচা-বিক্রি কম থাকলেও এখন বেশ বেড়েছে। ঈদের জন্য কালেকশন বাড়িয়েছে। দিন যত ঘনিয়ে আসবে বেচাকেনাও তত বাড়বে।
বিভিন্ন ফুটপাত দোকানগুলো ঘুরে দেখা যায়, শিশুদের জন্য ডেনিম (জিন্স) প্যান্ট ১০০ থেকে ২৫০ টাকা, অন্য প্যান্ট ৩০ থেকে ৬০, প্যান্ট ও গেঞ্জির সেট ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। শিশুদের ফ্রক ও টপস ২৫০ থেকে ৪৫০ টাকা, ওয়ান পিস ১৫০ থেকে ২২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
মেয়েদের থ্রি-পিস ৩৫০ থেকে ৬৫০ টাকা, টপস ও ওয়ান পিস ২৫০ থেকে ৩৫০, পার্টি ড্রেস ৭০০ থেকে ১ হাজার ২০০, স্যান্ডেল ও জুতা ১৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।