স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে থাকতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।