August 23, 2026, 1:15 pm

গাজীপুরে কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ ॥ মহাসড়ক অবরোধ

মোঃ জাফর আলী ::
  • আপডেট Sunday, November 24, 2024
  • 218 জন দেখেছে

গাজীপুর মহানগরীর গাছা থানার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার সকালে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীসাধারণ।
পুলিশ জানায়, নগরীর ৩৪নম্বর ওয়ার্ডের ছয়দানা মালেকের বাড়ি এলাকার অমিতি সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা শনিবারও কাজ করেছেন। রোববার সকাল ৮টার দিকে তারা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের একটি নোটিশ দেখতে পান। বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখেন। এতে মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর