July 9, 2026, 9:56 pm

গাজীপুরে কলেজছাত্র হত্যা: কিশোর গ্যাং লিডার ও সহযোগী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, September 17, 2025
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে কলেজছাত্র আবুল কালাম আজাদকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’কে তাঁর এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ ও র‌্যাব-১৪-এর যৌথ অভিযানে তাঁকে টাঙ্গাইলের বাসাইল থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পিচ্চি আকাশের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামি মো. আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৬) সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার উলুসরাতে ভাড়া বাসায় থেকে এলাকায় কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন। অপরজন গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বিশ্বাসপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. সৌরভ (২১)।
নিহত কলেজছাত্রের নাম আবুল কালাম আজাদ (২৬)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মসদই গ্রামের মৃত কাশেম লস্করের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে কালিয়াকৈর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন।
র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় টাঙ্গাইলের বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তাঁর সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি আকাশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর