June 16, 2026, 12:28 am

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, June 15, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বকেয়া পৌরকর পরিশোধ ও করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করতে সপ্তাহব্যাপী পৌরকর মেলার আয়োজন করেছে কালীগঞ্জ পৌরসভা। এ মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীরা পাবেন ১৫ শতাংশ কর ছাড়ের সুবিধা। “নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী ২১ জুন পর্যন্ত। কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
করদাতাদের সুবিধার্থে পৌরসভা কার্যালয়ে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে পৌরকর গ্রহণ করা হবে। ফলে করদাতারা সহজেই তাদের বকেয়া কর পরিশোধের সুযোগ পাবেন।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত জানান, দীর্ঘদিনের বকেয়া কর আদায়, করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের জন্য সকল করদাতার প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর