July 6, 2026, 2:40 am

গণভোটের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা হবে: আদিলুর রহমান খান

Reporter Name
  • আপডেট Monday, January 19, 2026
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই-আগস্টে যারা আত্মহুতি দিয়েছেন তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এ সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। যারা বলছে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত পলাতক শক্তি। সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই এ গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই রয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সে অবস্থান স্পষ্ট করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এ সনদ বাস্তবায়নেও সরকার ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করবে।
গণভোট-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ তারিখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন প্রতিফলিত হবে। এরপর স্থানীয় পর্যায় থেকে পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচিত করে সংসদ নির্বাচনে পাঠানো হবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা ইতিহাস রচনা করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আর মাত্র দুদিন বাকি। এরপর সারাদেশ গণভোট, জুলাই সনদ, গণঅভ্যুত্থানের পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়িয়ে যাবে।
ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যরাও পলাতক অবস্থায় রয়েছে। আশা করছি, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, জুলাই যোদ্ধাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। একই সঙ্গে জেলায় কর্মরত এনজিও প্রতিনিধিদের ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় অংশ নেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর