নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। শহর থেকে গ্রাম—সর্বত্রই নেমে এসেছে গভীর নীরবতা ও শোকের আবহ। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন চলছে সারা দেশে। এই জাতীয় শোকের সময়ে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশকরা তাদের বেদনা প্রকাশ করছেন শোকলিপির মাধ্যমে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে শোক প্রকাশ করেন তারা। শোক প্রকাশ করে কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন, সংস্কৃতির বিকাশের এক মহাকাব্য। তুমি আছ বাংলাদেশের হৃদয়জুড়ে।
জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. বেল্লাল হাওলাদার শোক বইয়ে লেখেন, বেগম খালেদা জিয়া, একটি নাম, একটি ইতিহাস; তার এই চিরবিদায় বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।
কথাসাহিত্যিক মনি হায়দায় লেখেন, জীবন মানেই মৃত্যু। সেই মহান মৃত্যুকে বরণ করেছেন স্বাধীন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁকে সশ্রদ্ধ সালাম।
এ ছাড়া শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলা একাডেমির পরিচালক জি এম মিজানুর রহমান, বাংলা একাডেমির সহ-পরিচালক তারিক ফেরদৌস, অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, ওয়ালেদুর রহমান খান, ড. মফিদুল আলম, আজিজুল হক, জাহিদ চৌধুরী, মোহাম্মদ আলী, মাকসুদুর রহমান টিপু, শাহ মোহাম্মদ বিল্লাল, সাংবাদিক মো. আমিনুল ইসলাম ও মনিরুল ইসলাম, কবি জাহিদ হোসেন প্রমুখ।