নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে। ইসলামী শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আলেম-ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মহানবী মুহাম্মদ (স.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে।’ আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদাজাগ্রত। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মাঠ ছাড়েনি। অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেনি। এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই স্বপ্ন পূরণ করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।’
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন—দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান, আনোয়ার হোসেন চেয়ারম্যান প্রমুখ।