স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। দেশসহ সারা বিশ্বে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। একই সঙ্গে বিশ্বকাপের উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে কারাগারে বন্দি কয়েদিদের মাঝেও। এ অবস্থায় গাজীপুর জেলা প্রশাসন ও কাশিমপুর কারা কর্তৃপক্ষ মানবিক উদ্যোগ নিয়ে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় কাশিমপুর কারা কমপ্লেক্সের বিভিন্ন কারাগার এবং গাজীপুর জেলা কারাগারের নির্ধারিত স্থানে বড় পর্দা ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে হাজারও বন্দি কারাগারের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দিদের মানসিক প্রশান্তি, বিনোদন এবং ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বকাপের জনপ্রিয় ম্যাচগুলো সম্প্রচারের জন্য কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতিও নেওয়া হয়েছে। খেলা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।
কাশিমপুর কারা কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা জানান, বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি। বন্দিদের অনেকেই নিয়মিত খেলাধুলার ভক্ত। তাদের আগ্রহ ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এতে বন্দিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হবে।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দিরাও খেলা দেখবে। এরইমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলেও সেটি সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।