স্টাফ রিপোর্টার, গাজীপুর :: `আমরা শাসক হবো না, সেবক হবো’এ স্লোগানকে সামনে রেখে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে নির্বাচনী ইশতেহারে ১০টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন গাজীপুর -৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান।
ইশতেহারে উল্লেখ করা হয়, গাজীপুর-৫ কে একটি নিরাপদ, কর্মসংস্থান মুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক জনপদে রূপান্তর করা হবে। ইশতেহারে উন্নয়ন পরিকল্পনায় যে ১০টি সেক্টর উল্লেখ করেন সেগুলো হলো- সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ। সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ। শিক্ষা ও সংস্কৃতি খাত। স্বাস্থ্য খাত। অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত। যুব ও ক্রীড়া খাত। দুস্থ ও অসহায় পুনর্বাসন খাত। কর্মসংস্থান খাত। তথ্য ও প্রযুক্তি খাত এবং কৃষি, শিল্প ও বাণিজ্য খাত।
ইশতেহার বাস্তবায়নের অগ্রাধিকার সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে প্রথম বছর সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার করা হবে। স্বাস্থ্যখাতের জরুরি সেবা ও অবকাঠামো উন্নয়ন করা হবে। যুব প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও স্কিল প্রোগ্রাম চালু, কৃষিখাতে উৎপাদন সহায়তা ও কৃষকদের প্রণোদনা, শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে।
প্রথম তিন বছরে সড়ক, ব্রিজ, কালভার্ট ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি হাব স্থাপন, গুরুত্বপূর্ণ বাজারসমূহ আধুনিকায়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে। ৩ থেকে ৫ বছরে পরিকল্পিত শিল্প জোন স্থাপন, বৃহৎ অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।