October 4, 2026, 9:59 pm

উত্তরায় মসজিদের জন্য জমি বরাদ্দের দাবিতে সমাবেশ

Reporter Name
  • আপডেট Saturday, June 6, 2026
  • 103 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত ‘মসজিদ আল জান্নাহ’র নামে সরকারি প্লটটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া দাবি জানিয়ে আসছেন।
এসময় বক্তারা বলেন, উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মসজিদের কোনো নির্দিষ্ট স্থান রাখা হয়নি। ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের উদ্যোগে সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটে অস্থায়ীভাবে ‘মসজিদ আল জান্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে মসজিদ আল জান্নাহর সামনের চত্বরে আয়োজিত সমাবেশে ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় উত্তরা ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’র নামে স্থায়ীভাবে বরাদ্দ দিতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।
এদিন মুসল্লিদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘মসজিদ আল জান্নাহ’য় এসে জুমার নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে সমবেত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় রেখে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’র নামে স্থায়ীভাবে বরাদ্দ করা যায়। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ আল জান্নাহ’র সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরুল আলম, সহ-সভাপতি মো. মাসুদ আলম, সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর